HomeUncategorizedভেড়ামারায় ৪০ বছরের চলাচলের রাস্তা দখল: প্রতিবাদ করায় গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার...

ভেড়ামারায় ৪০ বছরের চলাচলের রাস্তা দখল: প্রতিবাদ করায় গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

হেলাল মজুমদার কুষ্টিয়া।।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় দীর্ঘ ৪০ বছরের পুরোনো একটি সাধারণ চলাচলের রাস্তা জোরপূর্বক দখল এবং প্রতিবাদ করায় গ্রামবাসীদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ক্ষেমিরদিয়ার দক্ষিণ পাড়ার এই ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (১৬ মে) বিকেলে সরজমিনে ক্ষেমিরদিয়ার দক্ষিণ পাড়ার বিল অভিমুখী ওই রাস্তায় গিয়ে দেখা যায়, গ্রামের মানুষ দীর্ঘকাল ধরে যে পথটি দিয়ে বাড়ি, ঘাট, মাঠ ও বিলে যাতায়াত করতেন, সেটি এখন অবরুদ্ধ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাস্তার পাশের জমির মালিক সামাদ পথটি তারকাঁটার বেড়া দিয়ে ঘিরে ফেলেন। সে সময় গ্রামের মানুষ বাধা দিতে গেলে তাদের মারধরসহ বিভিন্ন রকম হুমকি-ধমকি দেওয়া হয়। সম্প্রতি দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্ষুব্ধ এলাকাবাসী একত্রিত হয়ে ওই তারকাঁটার বেড়া তুলে ফেলেন। এরপর সামাদের সঙ্গে আলোচনা করা হলে তিনি রাস্তাটি উন্মুক্ত রাখার আশ্বাস দেন। কিন্তু সেই আশ্বাস ভঙ্গ করে গত তিন দিন আগে উল্টো এলাকাবাসীর নামেই ভেড়ামারা থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন তিনি।

ভুক্তভোগী স্থানীয় বৃদ্ধা শারবাণু খাতুন (৬০) ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার জন্ম থেকে এই রাস্তা দেখে আসছি। আমরা এই পথ দিয়েই মাঠে-ঘাটে চলতাম। সামাদ ক্ষমতার জোরে রাস্তাটি দখল করে ঘিরে নিয়েছিল। আমরা এর সুষ্ঠু বিচার ও আমাদের চলাচলের রাস্তা ফেরত চাই।”

একই এলাকার বাসিন্দা রহমত আলী জানান, “আমি এই এলাকায় ৫০ বছর ধরে আছি। তখন থেকেই মানুষ এই রাস্তা ব্যবহার করছে। ক্ষমতার দাপটে একটা জনচলাচলের রাস্তা এভাবে বন্ধ করে দেওয়া মেনে নেওয়া যায় না।”

মোকারিমপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমাদের পূর্বপুরুষেরা এই রাস্তা দিয়ে মাঠে ও বিলে চলাচল করতেন। আমরাও করছি। কিন্তু সামাদ ক্ষমতার জোরে সাধারণ মানুষের পায়ে হাঁটার এই রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। এই নিয়ে একাধিকবার সালিশ-বৈঠক হলেও তিনি কোনো সমাধান মানেননি। অত্যন্ত দুঃখের বিষয়, গত তিন দিন আগে তিনি এলাকার নিরীহ মানুষের নামে ভেড়ামারা থানায় একটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত, বিচার এবং রাস্তাটি জনগণের জন্য উন্মুক্ত করার জোর দাবি জানাচ্ছি।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments