কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মিজানুর রহমান বলেছেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সরকার একা কিছু করতে পারবে না, তরুণদের অংশগ্রহণ ছাড়া টেকসই সমাধান সম্ভব নয়।”
সোমবার (২৯ ডিসেম্বর) কুষ্টিয়া শহরে “সেতু” প্রশিক্ষণ কেন্দ্রে
রিনিউ আর্থ–এর আয়োজনে এবং সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (C3ER), ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও সেতু এনজিও এর সহযোগিতায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় তরুণদের নেতৃত্ব, জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত অংশগ্রহণমূলক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশ নয়, আমাদের স্বাস্থ্য, অর্থনীতি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই আমাদের এখনই সচেতন হতে হবে এবং নিজেদের অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে।”
সভায় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশবান্ধব কার্যক্রম, গাছ লাগানো ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।উপস্থিত তরুণ শিক্ষার্থীদের জলবায়ু সচেতনতা ও নেতৃত্বের প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্যও উৎসাহিত করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিনিউ আর্থ–এর প্রতিষ্ঠাতা মোঃ প্রত্যয় বিন শাফী। অনুষ্ঠানে বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে বক্তব্য ও সেশন পরিচালনা করেন C3ER, ব্র্যাক বিশ্ববিদ্যালয়–এর ইয়ুথ এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট সাদিয়া জাহান রথি, জলবায়ু ও নীতি বিশেষজ্ঞ লামিয়া আলম এবং সহকারী পরিচালক রউফা খানম। এছাড়াও বক্তব্য রাখেন সেতু এনজিও’র নির্বাহী প্রধান ড. মোহা. আব্দুল কাদের।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী তরুণরা জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় নিজ নিজ এলাকাভিত্তিক উদ্যোগ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।


